নতুন উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা: অর্থমন্ত্রী

কর্মসংস্থান বাড়াতে পুনঃঅর্থায়ন স্কিম সম্প্রসারণ, সংসদে জানালেন অর্থমন্ত্রী।
টুইট ডেস্ক: দেশে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব কমাতে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চান, তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও বিনা সুদে ঋণ প্রদানের কোনো প্রকল্প রয়েছে কি না। জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের অধীনে বর্তমানে তরুণদের জন্য বিনা সুদের কোনো ঋণ প্রকল্প চালু নেই। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করছে।
তিনি জানান, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের জন্য পরিচালিত ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এ স্কিমের আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যেখানে সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ।
অর্থমন্ত্রী আরও বলেন, জামানত প্রদান সাপেক্ষে একই স্কিমের আওতায় সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ রয়েছে।
এছাড়া স্টার্টআপ খাতের উদ্যোক্তাদের জন্য পৃথকভাবে ‘স্টার্টআপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।
তিনি বলেন, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতির উৎপাদনশীল খাতকে শক্তিশালী করতে এসব অর্থায়ন কার্যক্রম চালু রাখা হয়েছে।






