এনসিপির আরও ১০০ প্রার্থী ঘোষণা শিগগিরই

উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে দ্বিতীয় দফার তালিকা প্রকাশের প্রস্তুতি।

টুইট প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (৮ জুন) বিকেলে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

এর আগে গত ১০ মে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রথম দফায় ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল।

সেদিন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের পাশাপাশি কমিটির সদস্য তাহসীন রিয়াজ, আলাউদ্দীন মোহাম্মদ ও মনজিলা ঝুমা এবং দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মো. আতাউল্লাহ ও এস এম সুজা সাংগঠনিক বিভাগভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এরও আগে গত ২৯ মার্চ জাতীয় নাগরিক পার্টি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রার্থী ঘোষণা করে মাঠপর্যায়ে

সাংগঠনিক শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে এনসিপি। দ্বিতীয় দফার এই ঘোষণার মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলায় দলটির নির্বাচনী প্রস্তুতি আরও দৃশ্যমান হবে বলে ধারণা করা হচ্ছে।