ইসরাইলে আরও একদিন স্কুল বন্ধ

ইরানের হামলা বন্ধের ঘোষণার পরও নিরাপত্তা ঝুঁকির কারণে সতর্ক অবস্থানে তেলআবিব।

টুইট প্রতিবেদক: ইরানের পক্ষ থেকে হামলা বন্ধের ঘোষণা এলেও নিরাপত্তা পরিস্থিতিকে এখনও পুরোপুরি স্বাভাবিক মনে করছে না ইসরাইল। এ কারণে দেশজুড়ে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আরও একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ফলে টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম স্থগিত থাকবে।

ইসরাইলের শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ জানিয়েছেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে মঙ্গলবার দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রোববার ইসরাইলি সামরিক বাহিনী নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করে। এতে বড় ধরনের জনসমাগম সীমিত করা হয় এবং সারা দেশের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। চলতি বছরের এপ্রিল মাসে ইরান ও ইসরাইল-এর মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘাতের পর এই প্রথম দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হলো।

শিক্ষামন্ত্রী কিশ বলেন, বুধবার থেকে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে স্কুল খোলার আগে এমন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীরা দ্রুত নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যেতে পারে।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে পরিস্থিতির উন্নতি না হলে বিধিনিষেধ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা