তারাগঞ্জে টায়ার পুড়িয়ে অবৈধ তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

জনবসতির মধ্যে পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আদায় ১ লাখ টাকা
উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ: রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুরাতন টায়ার পুড়িয়ে অবৈধভাবে তেল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করায় এ দণ্ড দেওয়া হয়।
সোমবার (৮ জুন) উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ার জুম্মা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে ‘এয়ার ওয়েল’ নামের কারখানাটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুরাতন টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের কার্যক্রম চলছিল। এতে নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত বর্জ্যে স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। পাশাপাশি জনবসতির মধ্যে এমন কার্যক্রম পরিচালনার কারণে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েন।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটির অবৈধ কার্যক্রমের সত্যতা পাওয়া গেলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নীলফামারীর সৈয়দপুর উপজেলার অফিসার্স কলোনি এলাকার মৃত শামীমের ছেলে মো. রাজু আহমেদ (৪২)।
তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(গ) ধারা এবং ১৫(১) ধারার ৬ নম্বর ক্রমিক অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।






