আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ

মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানের বার্তা দিয়েছে রাজশাহী জেলা পুলিশ। এ লক্ষ্যে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ৭টা ৩০ মিনিট, ৯টা ৩০ মিনিট ও বেলা ১১টায় পৃথকভাবে অনুষ্ঠিত সভাগুলোতে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার।
মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যার কথা শোনেন পুলিশ সুপার এবং সেগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ মানুষের প্রত্যাশিত ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় গ্রেফতারি পরোয়ানা দ্রুত কার্যকর করা এবং প্রতিটি থানা এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে তদারকির জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।
পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের বিকল্প নেই। তিনি সকল পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও আন্তরিক ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান।






