খেলাপি ঋণে চাপ বাড়ছে: ৪৪ ব্যাংকে বেড়েছে খেলাপি ঋণ

তিন মাসে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বৃদ্ধি, রেকর্ড সংখ্যক ব্যাংকে ঊর্ধ্বগতি।
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়েছে। নানা ধরনের ছাড় ও সুবিধা দিয়েও খেলাপি ঋণ কমাতে সফল হয়নি কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসে দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৪৪টি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে, যার পরিমাণ ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।
একসঙ্গে এত সংখ্যক ব্যাংকের খেলাপি ঋণ বৃদ্ধির ঘটনা এর আগে কখনো ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যবসা-বাণিজ্যে চাপ থাকায় ঋণ আদায় ব্যাহত হচ্ছে। এছাড়া ডিসেম্বর প্রান্তিকে অনেক ব্যাংক খেলাপি ঋণ কম দেখালেও পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে প্রকৃত চিত্র সামনে আসে। ফলে নতুন করে অনেক খেলাপি ঋণ শনাক্ত হওয়ায় সামগ্রিক পরিমাণ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। এর আগে ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল পাঁচ লাখ ৫৭ হাজার ২৭১ কোটি টাকা, যা মোট ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ।
সরকারি ছয় ব্যাংকের চারটিতে বৃদ্ধি
মার্চ শেষে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৪৯ হাজার ৭৮৫ কোটি টাকা বা ৪৫ দশমিক ৮৫ শতাংশ। ডিসেম্বর শেষে যা ছিল এক লাখ ৪৬ হাজার ১০৮ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে এই খাতে খেলাপি ঋণ বেড়েছে তিন হাজার ৬৭৭ কোটি টাকা।
বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের মধ্যে চারটিতে খেলাপি ঋণ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে জনতা ব্যাংকে। ডিসেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ৭২ হাজার ৫৩৮ কোটি টাকা বা ৭৪ দশমিক শূন্য ৭ শতাংশ, যা মার্চে দুই হাজার ৪৫৮ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৯৯৬ কোটি টাকা বা ৭৩ দশমিক ৯৪ শতাংশ।
এ ছাড়া রূপালী ব্যাংকের ৬৮৮ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ২৮৪ কোটি টাকা এবং বেসিক ব্যাংকের ১১ কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে।
বেসরকারি ব্যাংকে বড় উল্লম্ফন
চলতি বছরের মার্চ শেষে বেসরকারি ৪৩টি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে চার লাখ ১৬ হাজার ৪৮২ কোটি টাকা, যা মোট ঋণের ৩০ দশমিক ১১ শতাংশ। ডিসেম্বর শেষে এই পরিমাণ ছিল তিন লাখ ৮৯ হাজার ৫৭৯ কোটি টাকা বা ২৮ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ তিন মাসে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে ২৬ হাজার ৯০৩ কোটি টাকা।
এই সময়ে বেসরকারি খাতের ৪৩টি ব্যাংকের মধ্যে ৩৪টিতেই খেলাপি ঋণ বেড়েছে। অনেক শক্তিশালী ব্যাংকেও খেলাপি ঋণ বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, তিন মাসে সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে আইএফআইসি ব্যাংকে। মার্চ প্রান্তিকে চার হাজার ৬৮৩ কোটি টাকা বেড়ে ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৪ কোটি টাকা বা মোট ঋণের ৬৩ দশমিক ৩৬ শতাংশ।
এরপর ইসলামী ব্যাংকের তিন হাজার ৫১৪ কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৯৫ হাজার ৬২৯ কোটি টাকা বা ৫০ দশমিক ৮৮ শতাংশ। এক্সিম ব্যাংকের তিন হাজার ৩২০ কোটি টাকা বেড়ে হয়েছে ৩৬ হাজার ৭২৪ কোটি টাকা বা ৬৮ দশমিক ৫৮ শতাংশ এবং ইউসিবি ব্যাংকের দুই হাজার ৯৪২ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪ কোটি টাকা বা ১৫ দশমিক ৯৬ শতাংশ।






