দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় সাদিকুল ইসলাম রাকিব (৩) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত রাকিব বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে।
রাকিব বাগমারা উপজেলার তাহেরপুরের হরিফলা এলাকার খুরশেদ আলমের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়ামাজমপুর পশ্চিমপাড়া এলাকার মৃত শামসুর রহমানের মেয়ে শারমিন বেগম ছেলে রাকিবকে নিয়ে নানাবাড়িতে অবস্থান করছিলেন। পরে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় তাহেরপুর দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রলিটি আটক করে এবং চালককে গণপিটুনি দেয়। এতে চালকও আহত হন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শিশুটির মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।






