এক্সেল ভেঙে সড়কে অটোভ্যান, বাসচাপায় নিহত ৩

সিরাজগঞ্জের বেলকুচিতে মর্মান্তিক দুর্ঘটনা, নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী

টুইট ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অটোভ্যানের এক্সেল ভেঙে সড়কের মাঝখানে চলে আসার পর যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী যাত্রী। শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি অটোভ্যান মেঘুল্লা এলাকায় পৌঁছালে হঠাৎ এর এক্সেল ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অটোভ্যানটি সড়কের মাঝখানে চলে আসে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি বাস অটোভ্যানটিকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা তিনজন নিহত হন। নিহতরা হলেন— বেলকুচি উপজেলার আজগড়া গ্রামের ফজিলা খাতুন (৪৫), তার স্বামী মোতালেব সরকার (৫৫) এবং জামতৈল এলাকার অটোভ্যানচালক নুরু (৪৫)।

এ ঘটনায় আহত হয়েছেন তামান্না খাতুন নামে অটোভ্যানের অপর এক যাত্রী। তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেলকুচি স্টেশনের স্টেশন অফিসার শহিদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।