প্রথমবার অমুসলিম রাষ্ট্রদূত পাঠাচ্ছে ভারত সৌদি আরবে

স্বাধীনতার পর প্রথমবার মুসলিম নন এমন কূটনীতিককে রিয়াদে রাষ্ট্রদূত নিয়োগ; ভাঙল সাত দশকের পুরোনো প্রথা।
টুইট প্রতিবেদক: সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত নিয়োগে দীর্ঘদিনের একটি অলিখিত প্রথার অবসান ঘটেছে। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো মুসলিম নন এমন একজন জ্যেষ্ঠ কূটনীতিককে রিয়াদে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা দেয়।
নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাচ্ছেন ১৯৯৮ ব্যাচের ভারতীয় পররাষ্ট্রসেবা (আইএফএস) কর্মকর্তা বিপুল। বর্তমানে তিনি কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিদায়ী রাষ্ট্রদূত সুহেল আজাজ খানের স্থলাভিষিক্ত হবেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত এবং জেদ্দায় কনসাল জেনারেল পদে সাধারণত মুসলিম কূটনীতিকদেরই নিয়োগ দেওয়া হতো। এর অন্যতম কারণ ছিল প্রতিবছর বিপুলসংখ্যক ভারতীয় মুসল্লির হজযাত্রা এবং সেই কার্যক্রম তদারকিতে দূতাবাসের গুরুত্বপূর্ণ ভূমিকা।
তবে সময়ের সঙ্গে অভিজ্ঞ মুসলিম কূটনীতিকের সংখ্যা সীমিত হয়ে পড়ায় এবং অনেকের রিয়াদে দায়িত্ব পালনে অনাগ্রহ থাকায় সরকারকে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হয়। ফলে কয়েকবার রাষ্ট্রদূতদের মেয়াদ বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। এমনকি কিছু ক্ষেত্রে পেশাদার কূটনৈতিক ক্যাডারের বাইরের ব্যক্তিকেও এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মুম্বাই পুলিশের সাবেক কমিশনার আহমেদ জাভেদ, যিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
বিদায়ী রাষ্ট্রদূত সুহেল আজাজ খান আরবি ভাষায় দক্ষ এবং উপসাগরীয় অঞ্চলে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন কূটনীতিক। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসাগরীয় বিভাগে যুগ্ম সচিব এবং দুবাইয়ে ভারতের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিশ্লেষকদের মতে, এমন এক সময়ে বিপুল রিয়াদে দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা, নিরাপত্তা সংকট এবং অর্থনৈতিক প্রভাব বিস্তারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগিতা নতুন বাস্তবতা তৈরি করেছে।
যদিও সংযুক্ত আরব আমিরাত বর্তমানে ভারতের অন্যতম ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদার, তবুও জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রবাসী ভারতীয়দের স্বার্থ রক্ষার ক্ষেত্রে সৌদি আরবের গুরুত্ব এখনো অপরিসীম। ফলে রিয়াদে ভারতের নতুন রাষ্ট্রদূতের নিয়োগকে কেবল প্রশাসনিক পরিবর্তন নয়, বরং বৃহত্তর কূটনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে।
সাত দশকের বেশি সময় ধরে চলে আসা একটি রীতি ভেঙে ভারতের এই সিদ্ধান্ত দেশটির পররাষ্ট্রনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।






