জ্বালানি তেল সাশ্রয়ে নতুন নির্দেশনা সরকারের

মাঠ প্রশাসনের সভা-প্রশিক্ষণে অনলাইন অংশগ্রহণে জোর

টুইট ডেস্ক: জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি কার্যক্রমে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনায় মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে সরাসরি উপস্থিতির পরিবর্তে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব-সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং জ্বালানি তেলের ব্যয় বিবেচনায় সরকারি কার্যক্রমকে আরও সাশ্রয়ী ও দক্ষ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম যেন নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালিত হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণ এবং সমন্বয় সভায় মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের যথাসম্ভব অনলাইনে যুক্ত করতে হবে। বিশেষ করে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মসূচিতে অধস্তন কর্মকর্তাদের ভ্রমণ কমিয়ে ভার্চুয়াল অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি খাতের অস্থিরতা এবং ব্যয় বৃদ্ধি বিবেচনায় সরকার প্রশাসনিক ব্যয় সংকোচনের বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। অনলাইনভিত্তিক সরকারি কার্যক্রম বাড়ানো হলে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে সময় ও পরিচালন ব্যয়ও কমবে।

বিশেষজ্ঞদের মতে, করোনা-পরবর্তী সময়ে সরকারি প্রশাসনে ভার্চুয়াল কার্যক্রম পরিচালনার যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, তা এখন ব্যয় সাশ্রয় ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখতে পারে।