আদালতে দায় স্বীকার সোহেল রানার

রামিসা হত্যা মামলায় ক্ষমা প্রার্থনা, স্ত্রীকে নির্দোষ দাবি

টুইট ডেস্ক: রাজধানীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না খাতুন নির্দোষ।

বুধবার সকাল ১১টার পর ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের শুনানিকালে তিনি এ বক্তব্য দেন। বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

আদালত সূত্র জানায়, শুনানির শুরুতে বিচারক মামলার অভিযোগপত্র ও সাক্ষীদের জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ পড়ে শোনান। পরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং আদালতের কাছে ক্ষমা চান।

এ সময় তিনি তার স্ত্রী স্বপ্না খাতুনকে নির্দোষ দাবি করেন। পাশাপাশি “ডলার” নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ তুলে তাকে শাস্তির আওতায় আনার দাবি জানান।

এর আগে মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অভিযোগ গঠনের পর মাত্র একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় বলে আদালত সূত্র জানিয়েছে। মামলায় নিহত শিশুর পরিবারের সদস্য, তদন্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটসহ মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন।

সাক্ষ্যগ্রহণের সময় হত্যাকাণ্ডের নৃশংস বিবরণ আদালতে উঠে আসে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে রামিসার পরিবার আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে।

আলোচিত এই মামলাটি রাজধানীজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবিও নতুন করে সামনে আসে।