সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি, আহত দুই বাংলাদেশি

কালিন্দী নদী সাঁতরে দেশে ফেরার সময় হামলার অভিযোগ

টুইট ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির কাজ করছিলেন। মঙ্গলবার গভীর রাতে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বসন্তপুর সীমান্তের বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আহতরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে দেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, আহত দুজনের অবস্থাই গুরুতর। বিষয়টি নিয়ে আইনগত ও প্রশাসনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সীমান্ত এলাকায় এ ধরনের গুলির ঘটনা নতুন নয়। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে অনুপ্রবেশ বা চোরাচালান সন্দেহে প্রায়ই বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে আসছে।