রাজনীতি ছাড়ছেন না শত্রুঘ্ন

পশ্চিমবঙ্গে তৃণমূলের পরাজয়ের পর জল্পনা, মুখ খুললেন কন্যা সোনাক্ষী সিনহা।
টুইট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে দলবদল ও নেতৃত্ব নিয়ে আলোচনা।
এমন পরিস্থিতিতে বলিউড অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিনহা রাজনীতি থেকে সরে দাঁড়াবেন কি না,তা নিয়ে জল্পনা তৈরি হয়।
তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রথমবারের মতো কথা বলেছেন তাঁর মেয়ে সোনাক্ষী সিনহা।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে সোনাক্ষী স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর বাবা এখনো রাজনীতিতে সক্রিয় এবং বর্তমান অবস্থান নিয়েই সন্তুষ্ট।
তিনি বলেন, শত্রুঘ্ন সিনহা রাজনৈতিক অঙ্গনে নিজেকে দৃঢ়ভাবে মানিয়ে নিয়েছেন এবং তিনি যা করছেন, তা নিয়েই সুখী আছেন। ফলে রাজনীতি ছাড়ার গুঞ্জনে আপাতত কোনো সত্যতা দেখছেন না অভিনেত্রী।
এ সময় বাবা-মেয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কথা বলেন সোনাক্ষী। তাঁর ভাষ্য, সাধারণত বাবারা সন্তানদের প্রতি কিছুটা কঠোর থাকলেও শত্রুঘ্ন সিনহা সব সময় তাঁর প্রতি কোমল ও সহানুভূতিশীল ছিলেন।
একই সঙ্গে তিনি মেয়েকে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ দিতেন। সোনাক্ষীর মতে, বাবার এই মানসিকতা তাঁকে আত্মবিশ্বাসী ও মানসিকভাবে শক্ত হতে সহায়তা করেছে।
সম্প্রতি আরেকটি গুঞ্জনও ছড়িয়ে পড়ে,শত্রুঘ্ন সিনহা নাকি মেয়েকে নিয়ে নতুন সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন।
তবে সেটিও নাকচ করেছেন সোনাক্ষী। তিনি জানান, তাঁর বাবা অতীতে কিছু চলচ্চিত্র প্রযোজনা করলেও বর্তমানে সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই এবং তাঁকে কেন্দ্র করে কোনো নতুন প্রযোজনার কথাও কখনো বলেননি।
২০১০ সালে ‘দাবাং’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আলোচনায় আসেন সোনাক্ষী সিনহা। ক্যারিয়ারের শুরুতে তাঁকে প্রায়ই ‘শত্রুঘ্ন সিনহার মেয়ে’ পরিচয়ে উল্লেখ করা হতো। তবে সময়ের পরিবর্তনে এখন উল্টো চিত্রও দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন অভিনেত্রী।
তিনি জানান, অনেক সময় মানুষ এখন শত্রুঘ্ন সিনহাকেই “সোনাক্ষীর বাবা” হিসেবে চিহ্নিত করেন, যা তাঁর বাবার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।






