ভক্তের আচরণে অস্বস্তিতে আনুশকা শঙ্কর

কনসার্ট শেষে অনুমতি ছাড়া শারীরিক ঘনিষ্ঠতায় বিব্রতকর অভিজ্ঞতার কথা জানালেন সেতারশিল্পী
ভারতের প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী আনুশকা শঙ্কর ভক্তের এক অপ্রত্যাশিত আচরণে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন।
শিল্পী জানান, একটি পরিবেশনা শেষে তিনি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এক ব্যক্তি অনুমতি ছাড়া হঠাৎ তাকে কোলে তুলে নেন। মুহূর্তের এই ঘটনায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি তাৎক্ষণিকভাবে শান্ত আচরণ বজায় রেখে ভক্তকে নামিয়ে দিতে বলেন এবং পরবর্তীতে অটোগ্রাফও দেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি বলেন, বাইরে থেকে বিষয়টি স্বাভাবিক মনে হলেও ভেতরে এটি তাকে গভীরভাবে অস্বস্তিতে ফেলেছে। ব্যক্তিগত সীমারেখা বা ‘পার্সোনাল বাউন্ডারি’ অমান্য করা যে কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয় এ বিষয়ে তিনি জোর দেন।
তিনি আরও জানান, এ ধরনের অভিজ্ঞতা তাকে অতীতের কিছু অস্বস্তিকর স্মৃতিও মনে করিয়ে দিয়েছে। ফলে নিজের নিরাপত্তা ও ব্যক্তিগত সীমানা নিয়ে আরও সচেতন থাকার আহ্বান জানান এই সংগীতশিল্পী।
সাংস্কৃতিক অঙ্গনে তারকারা ভক্তদের ভালোবাসা যেমন উপভোগ করেন, তেমনি কখনো কখনো এমন অনাকাঙ্ক্ষিত আচরণ তাদের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় বলেও মন্তব্য করেছেন তিনি।






