বৈরী আবহাওয়ায় ফ্লাইট বিপর্যয়

শাহ আমানতে বাতিল, ডাইভার্ট ও বিলম্বে দুর্ভোগে শত শত যাত্রী।
টুইট প্রতিবেদক: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দিনজুড়ে দেখা দিয়েছে ফ্লাইট বিপর্যয়।
ঘন মেঘ, বৃষ্টিপাত ও রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল, ডাইভার্ট ও দীর্ঘ সময় বিলম্বিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (২৬ মে) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমানবন্দর সূত্র জানায়, মদিনা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৮ ফ্লাইটটি সকাল ৯টা ৪০ মিনিটে চট্টগ্রামে অবতরণের কথা ছিল।
তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় ডাইভার্ট করা হয়। পরে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে দুপুর ২টা ১ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা করে।
অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের বিএস-৩৪২ ফ্লাইট প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। একই সংস্থার ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের বিএস-১০৫ ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
এ ছাড়া ফ্লাইদুবাইয়ের এফডিবি-৫৬৪ (চট্টগ্রাম-দুবাই) ফ্লাইটও শিডিউল বিপর্যয়ের মুখে পড়ে। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে দুপুর ১২টা ১৬ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও বৈমানিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ফ্লাইট চলাচলে পরিবর্তন আনা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও জানানো হয়।
দিনভর অনিশ্চয়তা, বিলম্ব ও বাতিলের কারণে বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে, কেউ কেউ নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থার চেষ্টা করেছেন।






