আরাফা শেষে মুজদালিফার পথে হাজিরা

খুতবা, নামাজ ও দোয়ায় কেটেছে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।

টুইট প্রতিবেদক: পবিত্র হজের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন আরাফার ময়দানে খুতবা শ্রবণ, জোহর-আসর একসঙ্গে আদায় এবং তাওবা-ইসতেগফারের মধ্য দিয়ে কাটিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হাজি। মঙ্গলবার সূর্যাস্তের পর তারা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে আরাফাতের ময়দানে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে শুরু হয় হজের খুতবা। নামিরাহ মসজিদ থেকে এবারের খুতবা প্রদান করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

এবারও বিশ্বের মুসলমানদের জন্য বাংলাসহ ৫০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় সরাসরি খুতবা শুনতে পেরেছেন বাংলা ভাষাভাষী হাজিরা।

খুতবা ও নামাজ শেষে হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করে দোয়া, জিকির ও তাওবায় মশগুল থাকেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী, আরাফাতের দিনের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়। এ কারণে সূর্যাস্ত পর্যন্ত পুরো ময়দানজুড়ে ছিল গভীর ইবাদত ও আধ্যাত্মিক আবহ।

সূর্য ডোবার পর হাজিরা মাগরিবের নামাজ আদায় না করেই তালবিয়া পাঠ করতে করতে মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছে এক আজান ও পৃথক ইকামতে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন তারা।

এদিকে পবিত্র হজ উপলক্ষে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আরাফাত, মুজদালিফা ও মিনাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা। তীব্র গরমের মধ্যেও হাজিদের নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে মোতায়েন রয়েছে হাজারো স্বেচ্ছাসেবক ও চিকিৎসাকর্মী।