মথুরায় শ্রাদ্ধের বাসি খাবারেই ভয়াবহ বিপর্যয়

ভারতে ১০ গরুর মৃত্যু, অসুস্থ আরও ২০ অ্যাসিডোসিসে দেহে বিষক্রিয়া।
টুইট প্রতিবেদক: ভারতের উত্তরপ্রদেশের মথুরায় এক শ্রাদ্ধ অনুষ্ঠানের পর বেঁচে যাওয়া বাসি খাবার খেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ওই খাবার খেয়ে অন্তত ১০টি গরুর মৃত্যু হয়েছে এবং আরও ২০টি গরু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসায় তাদের অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পশু চিকিৎসা বিভাগ।
ঘটনাটি ঘটেছে মথুরার ভৈসা গ্রামে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ২০ মে গ্রামপ্রধানের শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিপুল পরিমাণ খাবার অবশিষ্ট থাকে।
দুই দিন পর, ২২ মে সেই খাবার স্থানীয় একটি গোশালার গরুগুলোকে খাওয়ানো হয়।এর পরপরই গরুগুলোর মধ্যে অস্বাভাবিক শারীরিক উপসর্গ দেখা দেয় এবং একে একে অসুস্থ হতে শুরু করে।
মথুরার প্রধান পশু চিকিৎসা কর্মকর্তা ডা. এন এন শুক্লা জানান, মোট ৩০টি গরু অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষায় দেখা যায়, তাদের শরীরে ‘অ্যাসিডোসিস’ নামের মারাত্মক জটিলতা তৈরি হয়েছে, যেখানে শরীরের তরলে অ্যাসিডের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এ কারণেই ১০টি গরুর মৃত্যু ঘটে।
তিনি আরও জানান, বাকি ২০টি গরুকে দ্রুত চিকিৎসার আওতায় আনা হয়। ১০ সদস্যের বিশেষ পশু চিকিৎসক দল গঠন করে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
পাশাপাশি বিশেষজ্ঞ সহায়তাও নেওয়া হয় একটি পশু চিকিৎসা বিশ্ববিদ্যালয় থেকে।
প্রশাসন জানিয়েছে, মৃত গরুগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও খাবারের মান নিয়ে তদন্ত চলছে।
এই ঘটনায় স্থানীয় এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় পড়ে থাকা খাবারে ব্যাকটেরিয়া ও বিষাক্ত উপাদান তৈরি হতে পারে, যা প্রাণীর জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে।






