অন্তরালে প্রিয়া গিল

শাহরুখকে চড়ের সেই দৃশ্যের পর কেন হারিয়ে গেলেন নব্বইয়ের আলোচিত নায়িকা।

টুইট প্রতিবেদক: বলিউডের ঝলমলে পর্দায় একসময় নিয়মিত দেখা যেত অভিনেত্রী প্রিয়া গিল–কে। নব্বই দশকের শেষভাগে তিনি ছিলেন আলোচিত মুখ। কখনও শাহরুখ খানের বিপরীতে, কখনও দক্ষিণী তারকা নাগার্জুনা কিংবা অজিত কুমারের সঙ্গে অভিনয় করে জায়গা করে নিয়েছিলেন দর্শক হৃদয়ে।

কিন্তু হঠাৎ করেই রুপালি পর্দা থেকে উধাও হয়ে যান তিনি। দীর্ঘদিন ধরে জনসমক্ষে না আসায় তাকে ঘিরে তৈরি হয়েছে রহস্যও।

বিশেষ করে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত জোস সিনেমার একটি দৃশ্য এখনও দর্শকের মনে গেঁথে আছে। সেখানে শাহরুখ খানকে চড় মারার দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভীষণ অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া গিল।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি দৃশ্যটি করতে বারবার দ্বিধায় পড়ছিলেন। পরে পরিচালক মনসুর খান নিজেই শাহরুখের গালে চড় মেরে দৃশ্যটি বুঝিয়ে দেন। সেই মুহূর্তের আবেগে নাকি ‘কাট’ বলতেও ভুলে গিয়েছিলেন তিনি।

পাঞ্জাবের মেয়ে প্রিয়া গিল ১৯৯৫ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় সাফল্যের মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পান। এরপর অমিতাভ বচ্চনের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া স্রেফ তুম সিনেমা তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।

পরবর্তীতে রানি মুখার্জি–র পরিবর্তে ‘জোশ’ সিনেমায় সুযোগ পান প্রিয়া। সিনেমাটিতে শাহরুখ খানের বোনের চরিত্রে অভিনয় করলেও তার উপস্থিতি দর্শকের নজর কাড়ে। তবে সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি।

২০০৬ সালের পর ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী। এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নেই তার কোনো সক্রিয় উপস্থিতি। ফলে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও নিশ্চিত তথ্য খুব কমই পাওয়া যায়।

ভারতীয় বিনোদনভিত্তিক কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রিয়া গিল বিয়ে করে বর্তমানে ডেনমার্কে স্থায়ীভাবে বসবাস করছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য নেই।

সর্বশেষ ২০১৬ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ভক্তের তোলা ছবিতে তাকে দেখা যায়। সেটিই এখন পর্যন্ত তার সর্বশেষ প্রকাশ্যে আসা ছবি হিসেবে পরিচিত।

বলিউডে খুব বেশি দীর্ঘ পথ হাঁটতে না পারলেও নব্বই দশকের দর্শকদের কাছে প্রিয়া গিল এখনও এক রহস্যময় স্মৃতি হয়ে আছেন।