‘দাই দাই’ গানে বিশ্বকাপ মাতাচ্ছেন শাকিরা-বার্না বয়

২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেমে ফুটবল তারকাদের মহামিলন, শিক্ষাতহবিলে দান করবেন শাকিরা।
টুইট ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও একধাপ উঁচুতে নিয়ে গেলেন শাকিরা ও বার্না বয়। ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে তাদের বহুল আলোচিত গান ‘দাই দাই’, যা ইতোমধ্যেই বিশ্বজুড়ে সাড়া ফেলেছে।
‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর সমর্থনে নির্মিত এই গানটিকে বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম হিসেবে ঘোষণা করা হয়েছে। মিয়ামিতে চিত্রায়িত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন হান্না লাক্স ডেভিস। ভিডিওটিতে ফুটবল বিশ্বের বর্তমান সময়ের একাধিক সুপারস্টারকে দেখা গেছে।
ভিডিওতে উপস্থিত ছিলেন লিওনেল মেসি, কাইলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, আর্লিং হলান্ড, ভিনিসিয়াস জুনিয়র, জামাল মুসিয়ালা, ক্রিস্টিয়ান পুলিসিকসহ আরও অনেক তারকা ফুটবলার।
ভিডিওটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এতে অংশ নিয়েছে উগান্ডার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ঘেটো বাচ্চারা। এছাড়া মেক্সিকো সিটির ঐতিহাসিক স্থাপনা এঞ্জেল দে লা ইন্ডিপেনদেন্সের চূড়ায় শাকিরার দৃশ্য দর্শকদের আলাদাভাবে আকৃষ্ট করেছে।
বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’
আগামী ১৯ জুলাইয়ের বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়তে যাচ্ছে ফিফা। এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে যুক্ত হচ্ছে ‘হাফটাইম শো’। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এই অনুষ্ঠানে ম্যাডোনা এবং বিটিএস–এর সঙ্গে সহ-প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করবেন শাকিরা।
সেখানে বার্না বয়কে সঙ্গে নিয়ে ‘দাই দাই’ গানটি সরাসরি পরিবেশন করবেন তিনি। ইতোমধ্যেই এই আয়োজনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শিক্ষাতহবিলে কোটি ডলারের লক্ষ্য
‘দাই দাই’ শুধু একটি বিশ্বকাপ গান নয়; এটি বৈশ্বিক শিক্ষা সহায়তা কার্যক্রমেরও অংশ। ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগেই ১০০ মিলিয়ন ডলার সংগ্রহ করা। এই অর্থ ব্যয় করা হবে বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ সম্প্রসারণে।
শাকিরা ঘোষণা দিয়েছেন, গানটি থেকে পাওয়া তার সম্পূর্ণ রয়্যালটি তিনি এই তহবিলে দান করবেন। পাশাপাশি সনি মিউজিক প্রথম ধাপে আড়াই লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।
এছাড়া শাকিরার আসন্ন ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ট্যুরের প্রতিটি টিকিট বিক্রি থেকেও ১ ডলার করে এই তহবিলে যুক্ত হবে বলে জানানো হয়েছে।






