ঢাবিতে ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্ব

সভাপতি দুর্জয়, সম্পাদক মোস্তাকিম; ২ পদ শূন্য রেখে ২৭ সদস্যের কমিটি ঘোষণা।

টুইট প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দুর্জয় রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। শনিবার সম্মেলনের শেষ দিনে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

‘নূতন মাটিতে আসে ফসলেরই কাল, আঁধার পেরিয়ে আসে আগামী সকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার শুরু হয় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশন। দুই দিনব্যাপী আলোচনা, সাংগঠনিক পর্যালোচনা ও কাউন্সিল কার্যক্রম শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মেঘমল্লার বসু এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাঈন আহমেদ। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার ও সহসভাপতি আসিফ জামান।

সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করা হয়। এরপর আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন পরিচালনার জন্য পৃথক নির্বাচন কমিটি গঠন করা হয়।

দীর্ঘ আলোচনা শেষে কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তে দুটি পদ শূন্য রেখে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মেঘমল্লার বসু।

নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মধুসূদন কর্মকার, অর্থী আনজুম, ফাতিন ইশরাক ও সাব্বির হোসেন। সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান, ফাহিম ইনতিসার ও জোবায়ের ইবনে ইমাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিশকাতুল মাশিয়াত।

বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্ররাজনীতিতে সাম্প্রতিক সময়ে সাংগঠনিক পুনর্গঠন ও মতাদর্শভিত্তিক সক্রিয়তা বাড়ানোর যে প্রবণতা দেখা যাচ্ছে, ছাত্র ইউনিয়নের এ নতুন কমিটিকেও তার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নতুন নেতৃত্বের সামনে ক্যাম্পাস রাজনীতিতে সাংগঠনিক বিস্তার, শিক্ষার্থী ইস্যুতে সক্রিয়তা এবং জাতীয় রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় অবস্থান সুস্পষ্ট করার চ্যালেঞ্জ থাকছে।