মাদরাসাছাত্র মৃত্যুর ঘটনায় শিক্ষক রিমান্ডে

রহস্য উদ্ঘাটনে ৫ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি।
টুইট প্রতিবেদক: রাজধানীর রামপুরায় আবাসিক মাদরাসাছাত্র আবদুল্লাহর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার শিক্ষক শিহাব হোসেনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম হাসিবুজ্জামান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এবং অস্বাভাবিক যৌন নির্যাতনের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না,সেসব বিষয় খতিয়ে দেখতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, নিহত আবদুল্লাহ বনশ্রীর সি-ব্লকের ‘আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা’র আবাসিক শাখার শিক্ষার্থী ছিলেন। গত ১৯ মে সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে মাদরাসা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানায়।
পরে পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তৃতীয় তলার একটি বাথরুমের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় আবদুল্লাহর মরদেহ দেখতে পান। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর নিহত শিক্ষার্থীর মা মোছা. টুকু আরা খাতুন রামপুরা থানায় মামলা দায়ের করেন। পরে তদন্তের অংশ হিসেবে শিক্ষক শিহাব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে ঘটনাটি ঘিরে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিশুদের নিরাপত্তা, নজরদারি ব্যবস্থা এবং মানসিক সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ময়নাতদন্ত প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।






