রামিসা হত্যাকাণ্ডে ক্ষোভ

শরিয়া আইন প্রয়োগের দাবি ইসলামী আন্দোলনের।
টুইট ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডকে “ভয়ংকর বিভীষিকাময়” আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, মানুষের প্রতি মানুষের এমন নির্মমতা কল্পনাকেও হার মানায়।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শিশু রামিসা হত্যার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; দেশের বিভিন্ন স্থানে প্রায়ই শিশুদের বিরুদ্ধে নৃশংস ও বর্বর নির্যাতনের ঘটনা ঘটছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছ এসব ঘটনায় অপরাধীরা কার্যকর শাস্তি থেকে অনেক ক্ষেত্রেই রেহাই পাচ্ছে। নিহত রামিসার বাবার আর্তনাদেও সেই হতাশার প্রতিফলন দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।
ইউনুস আহমদ দাবি করেন, বিদ্যমান আইন ও বিচারব্যবস্থা শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তার ভাষায়, দীর্ঘসূত্রিতা, সাক্ষী ব্যবস্থাপনার দুর্বলতা এবং আইনের ফাঁকফোকরের কারণে বহু মামলার বিচার ঝুলে থাকে। ফলে অপরাধীরা কার্যত শাস্তিহীনতার সুযোগ পেয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, শরিয়াহ আইন শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিকল্প ব্যবস্থা হতে পারে। এ কারণে রাষ্ট্রকে শরিয়াহ আইন প্রয়োগের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে সুপ্রিম কোর্টের তথ্য উল্লেখ করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১ লাখ ৫১ হাজার ৩১৭টি। এর বড় অংশই ধর্ষণ মামলা। অথচ আইন অনুযায়ী এসব মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না।
রামিসা হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বিভিন্ন সংগঠন ইতোমধ্যে দ্রুত বিচার নিশ্চিত করা এবং শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।






