রামিসা হত্যায় দ্রুত বিচারের দাবি

পল্লবীর নির্মম হত্যাকাণ্ডে ক্ষোভ, ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে বিচার চায় জামায়াত।
টুইট প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার দুপুরে নিহত রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন এবং হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলিম উদ্দিন বলেন, শিশু রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে কল্পনাতীত। তিনি এ ঘটনাকে ‘আইয়ামে জাহেলিয়াতের বর্বরতা’র সঙ্গে তুলনা করে বলেন, এ ধরনের অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রামিসা হত্যার বিচার নিয়ে কোনো ধরনের গড়িমসি বা ছলচাতুরি জনগণ মেনে নেবে না। রাষ্ট্রকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।
জামায়াত নেতা আরও জানান, মামলার আইনি লড়াইকে শক্তিশালী করতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির–কে এ মামলা পরিচালনার অনুরোধ জানানো হবে।
এদিকে রামিসা হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিভিন্ন সংগঠন ইতোমধ্যে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে।
রাজধানীতে শিশু নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।






