সুন্দরবনে ফের দস্যু হামলা

দুবলারচর থেকে ট্রলারসহ ১২ জেলে অপহরণ, অভিযানে বনরক্ষী বাহিনী
টুইট ডেস্ক: আবারও সুন্দরবনে বনদস্যুদের তৎপরতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলীয় জেলেপল্লিগুলোতে। বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকায় গভীর রাতে একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে ১২ জেলেকে অপহরণ করেছে কথিত বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহরণের পর থেকেই নিখোঁজ রয়েছেন জেলেরা। তাদের উদ্ধারে সুন্দরবনে অভিযান শুরু করেছে বন বিভাগ।
স্থানীয় সূত্র ও বন বিভাগের তথ্যমতে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুবলারচর সংলগ্ন নদীপথে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দস্যুদল ট্রলারে হামলা চালায়। পরে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি ট্রলারসহ তুলে নিয়ে যায় তারা।
অপহৃতরা হলেন—পাথরঘাটা উপজেলার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)।
নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার এক মৎস্য ব্যবসায়ী জানান, দস্যুরা হঠাৎ ট্রলার ঘিরে ফেলে জেলেদের জিম্মি করে নিয়ে যায়। তাদের পরনে ছিল বিশেষ ধরনের পোশাক এবং সবার হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। তিনি দাবি করেন, অপহৃত ১২ জেলের বাইরে আরও কয়েকজন জেলে দস্যুদের কবলে থাকতে পারেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, অপহরণের খবর পাওয়ার পর রাতেই বনরক্ষীরা অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত অপহৃতদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীমুল হক বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বনদস্যুদের পুনরুত্থান নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বিশেষ করে মাছ ধরার মৌসুমে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি ও ট্রলার ছিনতাইয়ের ঘটনায় উপকূলীয় অঞ্চ
লে নিরাপত্তাহীনতা তীব্র হয়ে উঠেছে।
স্থানীয়রা বলছেন, নিয়মিত টহল ও যৌথ অভিযান জোরদার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।






