ঐতিহাসিক স্থাপত্যে নতুন ৫ টাকার নোট বাজারে

নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করে নতুন সিরিজের নোট প্রচলন শুরু
টুইট ডেস্ক: দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের কারেন্সি নোট বাজারে ছেড়েছে সরকার। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এ নোট প্রচলন শুরু হয়েছে।
অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এই নতুন নোট প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হচ্ছে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি সরবরাহ করা হবে বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।
নতুন নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার।
নকশায় দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি রয়েছে। মাঝখানে জাতীয় ফুল শাপলার নকশা যুক্ত করা হয়েছে। পেছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি–২০২৪’-এর চিত্র।
নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে এতে যুক্ত করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখসংবলিত জলছাপ, যার নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ ও সরকারি মনোগ্রাম রয়েছে। এছাড়া ২ মিলিমিটার প্রশস্ত নিরাপত্তা সুতা এবং মাইক্রোপ্রিন্টে অসংখ্য ‘BANGLADESH’ লেখা সংযোজন করা হয়েছে।
সরকার জানিয়েছে, নতুন নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি বৈধ থাকবে এবং ব্যবহারে কোনো বাধা থাকবে না।






