আবার বাড়লো ফার্নেস অয়েলের দাম

লিটারে বেড়েছে ১৮ টাকা ৮৫ পয়সা, মধ্যরাত থেকেই কার্যকর নতুন দর।
টুইট প্রতিবেদক: দেশে আবারও ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অর্থাৎ, প্রতি লিটারে দাম বেড়েছে ১৮ টাকা ৮৫ পয়সা।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।
বিইআরসি জানিয়েছে, ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পর্যালোচনা করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে আমদানি হওয়া পরিশোধিত ফার্নেস অয়েলের মূল্য পরিস্থিতি বিবেচনায় এনে মে মাসের জন্য এই সমন্বয় করা হয়।
এর আগে গত ১৫ মার্চ ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্ল্যাটস রেট এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এপ্রিল মাসের মূল্য নির্ধারণের সুপারিশ দেয় ওই কমিটি। পরে বিশেষ কমিশন সভায় তা পর্যালোচনা করে নতুন দাম অনুমোদন করা হয়।
উল্লেখ্য, এর আগেও গত ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম এক দফায় বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়।
জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, ফার্নেস অয়েলের নতুন মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে বিদ্যুৎ উৎপাদন খাতে। কারণ, দেশে আমদানি করা ফার্নেস অয়েলের বড় একটি অংশ তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত হয়।
ফলে উৎপাদন ব্যয় বাড়লে বিদ্যুতের দামেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।






