৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

উন্নয়ন বাজেটে গুরুত্ব পেল শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সংস্কার।
টুইট প্রতিবেদক: আগামী ২০২৬–২৭ অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার রেকর্ড বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত পরিষদের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা কমিশনের কার্যপত্র অনুযায়ী, নতুন অর্থবছরের উন্নয়ন কর্মসূচির মূল আকার ধরা হয়েছে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান ১ লাখ ১০ হাজার কোটি টাকা।
এ ছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পে আরও ৮ হাজার ৯২৪ কোটি টাকা যুক্ত হলে মোট উন্নয়ন ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকার বেশি।
পাঁচ স্তম্ভে উন্নয়ন কৌশল
প্রস্তাবিত উন্নয়ন কর্মসূচি পাঁচ বছর মেয়াদি সংস্কার ও উন্নয়ন কাঠামোর আলোকে সাজানো হয়েছে। এতে পাঁচটি প্রধান অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রব্যবস্থার সংস্কার
বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন
দুর্বল অর্থনীতির পুনর্গঠন
অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন
ধর্ম, সমাজ, ক্রীড়া ও সংস্কৃতিনির্ভর সামাজিক সংহতি
রাষ্ট্রীয় সংস্কার অংশে বিচার ও আইনগত সেবা সম্প্রসারণ, প্রশাসনের ডিজিটাল রূপান্তর, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
সর্বোচ্চ বরাদ্দ যোগাযোগ খাতে
খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫০ হাজার ৯২ কোটি টাকা, যা মোট এডিপির প্রায় ১৬ দশমিক ৭০ শতাংশ।
এ ছাড়া
শিক্ষা খাতে বরাদ্দ: ৪৭ হাজার ৫৯১ কোটি টাকা
স্বাস্থ্য খাতে: ৩৫ হাজার ৫৩৫ কোটি টাকা
বিদ্যুৎ ও জ্বালানি খাতে: ৩২ হাজার ৬৯১ কোটি টাকা
গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাতে: ২০ হাজার ৩৬১ কোটি টাকা
মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৩ হাজার ৭৩৫ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
১১২১ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা
এবারের উন্নয়ন কর্মসূচিতে মোট ১১২১টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে
বিনিয়োগ প্রকল্প: ৯৪৯টি
কারিগরি সহায়তা প্রকল্প: ১০৭টি
স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্প: ৪৩টি
এ ছাড়া আরও ১২৭৭টি নতুন অননুমোদিত প্রকল্প তালিকাভুক্ত করা হয়েছে, যেগুলো পর্যায়ক্রমে অনুমোদনের জন্য বিবেচনায় নেওয়া হবে।
সরকার আগামী জুনের মধ্যে ২২৩টি প্রকল্প শেষ করার লক্ষ্যও নির্ধারণ করেছে। সভায় প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো, আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ প্রকল্পে নতুন ব্যয় সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়।






