মাকে কেড়ে নিল সন্তানের প্রতি মমতা

সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যায় শিশু, বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মা-ও।
টুইট ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার শিশু কন্যা। সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবনও হারাতে হলো মাকে।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।
তার ২২ মাস বয়সী শিশুকন্যাও ঘটনাস্থলে গুরুতর আহত হয় এবং পরে মারা যায়। শিশুটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সাপ্তাহিক ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন তারা। ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ শিশুটি সড়কে পড়ে যায়। মেয়েকে বাঁচাতে মুহূর্তের মধ্যে মোটরসাইকেল থেকে লাফ দেন মা তারিন আক্তার।
এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি গাড়ি মা ও শিশুকে চাপা দেয়।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে মা ও শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হক জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের হাসপাতালে পাঠান। পরে চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সড়ক দুর্ঘটনার এই মর্মান্তিক ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়দের অনেকেই বলছেন, সন্তানের প্রতি মায়ের ভালোবাসার এমন নির্মম পরিণতি সহজে ভুলবার নয়।






