জামায়াতের আত্মকর্মসংস্থান উদ্যোগ

ফেনীতে অসচ্ছল পরিবারের মাঝে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও গরু বিতরণ।

টুইট ডেস্ক: ফেনীর সোনাগাজীতে অসচ্ছল ও কর্মহীন পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও গরু বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মোস্তফা, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবু জাফর, শাহিনুর হোসাইন, নুর আলম রাকিব, সাইদুল হক সোহেল ও হাফেজ জামাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা জানান, কেবল আর্থিক সহায়তা নয়; কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেই মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।

তারা আরও বলেন, দাননির্ভর সমাজব্যবস্থার পরিবর্তে কর্মসংস্থানভিত্তিক সমাজ গড়ে তুলতে পারলে মানুষের মর্যাদা, আত্মবিশ্বাস ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত হবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও গরু তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।