পাহাড়ে বিজ্ঞানের উৎসব

বান্দরবানে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন, মেলায় শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে “৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬”। বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রসারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরেছে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উদ্বোধনের পর শুরু হয় বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতা।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কুল ও কলেজের জুনিয়র এবং সিনিয়র গ্রুপের শিক্ষার্থীরা তাদের নিজস্ব প্রকল্প, উদ্ভাবনী ধারণা ও বৈজ্ঞানিক দক্ষতা নিয়ে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রদর্শনী ও প্রযুক্তিভিত্তিক উপস্থাপনা দর্শনার্থীদের আগ্রহও কাড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেবসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গবেষণামনস্কতা, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের সামনে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হওয়াও এ আয়োজনের একটি বড় দিক।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, মেলায় প্রদর্শিত উদ্ভাবনী প্রকল্পগুলোকে শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রয়োজনীয় সহায়তা, পরামর্শ ও পৃষ্ঠপোষকতা দেওয়া গেলে ভবিষ্যতে সেখান থেকেই উঠে আসতে পারে বড় সম্ভাবনা। কারণ বইয়ের জ্ঞান বাস্তব প্রয়োগের মধ্য দিয়েই বিজ্ঞানচর্চা অর্থবহ হয়ে ওঠে।
বিশ্লেষকদের মতে, পাহাড়ের শিশু-কিশোরদের হাতে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা পৌঁছে দিতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম আরও দক্ষ, উদ্ভাবনী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে।





