টিকা পাওয়ার আগেই মৃত্যুর মিছিল: হামে মৃত ৬৩% শিশুর বয়স ৯ মাসের কম

দুই মাসে হাম ও হামের উপসর্গে ৪৩৯ শিশুর মৃত্যু; চিকিৎসকদের শঙ্কা-টিকার আগেই ঝুঁকিতে পড়ছে নবজাতক ও কম বয়সী শিশুরা
টুইট ডেস্ক: দেশে হামের ভয়াবহতা নতুন উদ্বেগ তৈরি করেছে। চলতি বছরে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ৬৩ শতাংশের বয়স ৯ মাসেরও কম। অর্থাৎ নিয়মিত টিকা গ্রহণের বয়স হওয়ার আগেই প্রাণ হারাচ্ছে অধিকাংশ শিশু।
রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, ডিএনসিসি কোভিড হাসপাতাল ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গত ১৫ মার্চ থেকে মারা যাওয়া ৮৫ শিশুর তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। এর মধ্যে ৫৪ জন শিশুর বয়স ছিল ৯ মাসের নিচে।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে মারা যাওয়া ২৯ শিশুর মধ্যে ১৯ জনের বয়স ৯ মাসের কম। অন্যদিকে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্লেষিত ৩৪ শিশুর মধ্যে ২৯ জনই ছিল ৯ মাসের নিচের বয়সী।
এফ এম আসমা খান বলেন, হামে আক্রান্ত হওয়ার পর অধিকাংশ শিশুই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে এবং মৃতদের বড় অংশ অপুষ্টিতে ভুগছিল। তিনি বলেন, দেশে ৯ মাস বয়সে হামের টিকা দেওয়া হয়, কিন্তু শিশুরা টিকা পাওয়ার আগেই আক্রান্ত হচ্ছে—এ কারণ অনুসন্ধানে গবেষণা জরুরি।
ডিএনসিসি হাসপাতালে মৃত ২৩ শিশুর মধ্যে ৭ জনের বয়স ছিল ৯ মাসের কম। আর বাকি শিশুদের বয়স ১০ মাস থেকে ৩ বছরের মধ্যে।
মাহমুদা ইসলাম স্নিগ্ধা জানান, কিছু শিশুর ক্ষেত্রে অ্যাসপিরেশন নিউমোনিয়ার মতো জটিলতা দেখা গেছে। এছাড়া নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ, হার্ট ফেইলর ও ডায়রিয়াও মৃত্যুর কারণের সঙ্গে যুক্ত ছিল।
জনস্বাস্থ্যবিদ বে-নজীর আহমেদ বলেন, টিকার কভারেজ কমে যাওয়ায় হামের ভাইরাস বেশি ছড়িয়েছে। ফলে আগে যেসব শিশু পরোক্ষ সুরক্ষা পেত, তারাও এখন সংক্রমণের ঝুঁকিতে পড়ছে।
গত মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৪৩৯ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ৭০ জন এবং উপসর্গে ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ।






