বরিশালে পশুখাদ্যের দোকানে অভিযান

ঈদে নিরাপদ মাংস নিশ্চিতে বিভাগজুড়ে মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড
টুইট প্রতিবেদক: আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে বরিশাল বিভাগের সব জেলা ও উপজেলায় পশু ও মৎস্য খাদ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান শুরু করেছে বিভাগীয় প্রশাসন। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেল, জরিমানা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার বরিশাল জেলায় মোট ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৩টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর জেলাতেও পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, কোরবানির আগে অনেক খামারি দ্রুত পশু মোটাতাজাকরণের জন্য অনিরাপদ ও ক্ষতিকর খাদ্য ব্যবহার করেন।
এতে পশুর স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি মানুষের জন্যও অনিরাপদ মাংস বাজারে আসার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে গত ১০ মে থেকে বিভাগের সব জেলায় পশুখাদ্যের দোকানগুলোতে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেজাল ও ক্ষতিকর উপাদানমিশ্রিত পশুখাদ্য বিক্রি বন্ধে নজরদারি আরও জোরদার করা হবে।
একই সঙ্গে খামারিদেরও নিরাপদ ও অনুমোদিত খাদ্য ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।






