পদ্মায় অভিযান, জব্দ নিষিদ্ধ জাল

লালপুরে ২২টি চায়না দুয়ারি ও ৩ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস।

টুইট প্রতিবেদক: দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মাছ শিকার প্রতিরোধে নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ২২টি চায়না দুয়ারি ও প্রায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন।

এ সময় সার্বিক সহযোগিতা করেন লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি ব্যবহারের কারণে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ কারণে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

এদিকে স্থানীয় জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।