২০ মিলিয়নে রহস্যময় বদল, পোস্ট মুছলেন হানিয়া

ইনস্টাগ্রামে নতুন রূপে হাজির হয়ে ভক্তদের কৌতূহলে ভাসালেন পাকিস্তানি অভিনেত্রী

টুইট প্রতিবেদক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। তবে এবার নতুন কোনো নাটক, সিনেমা কিংবা প্রকাশ্য উপস্থিতি নয়,নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আকস্মিক পরিবর্তনের কারণে ভক্তদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।

সম্প্রতি ইনস্টাগ্রামে ২০ মিলিয়ন অনুসারীর মাইলফলক স্পর্শ করেন হানিয়া। পাকিস্তানের শোবিজ অঙ্গনে এটিকে বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। ঠিক এই সময়েই নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে প্রায় সব পুরোনো পোস্ট সরিয়ে দেন তিনি। বর্তমানে তার প্রোফাইলে দৃশ্যমান রয়েছে মাত্র ১১টি পোস্ট।

শুধু পোস্ট মুছে ফেলা নয়, নিজের পরিচিত গ্ল্যামারাস প্রোফাইল ছবিও বদলে ফেলেছেন এই অভিনেত্রী। সেখানে যুক্ত করেছেন একেবারে সাধারণ, আনফিল্টার্ড জাতীয় পরিচয়পত্রধাঁচের একটি ছবি। মুহূর্তেই বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এই পরিবর্তনের পেছনে নানা ব্যাখ্যা খুঁজছেন অনুরাগীরা। কেউ মনে করছেন, এটি নতুন কোনো প্রকল্পের আগাম প্রচারণা বা ‘সফট লঞ্চ’। আবার অনেকে ধারণা করছেন, দীর্ঘদিনের সামাজিক যোগাযোগমাধ্যমের চাপ ও নেতিবাচক মন্তব্য থেকে কিছুটা দূরে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগেও অনলাইন ট্রল, ব্যক্তিগত আক্রমণ এবং নারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে হানিয়াকে। মানসিক স্বস্তির জন্য অতীতেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিয়েছিলেন তিনি।

পেশাগত দিক থেকেও সময়টা বেশ ব্যস্ত কাটছে এই অভিনেত্রীর। সর্বশেষ তাকে দেখা গেছে জনপ্রিয় পাকিস্তানি নাটক মেরি জিন্দেগি হ্যায় তু-এ। সেখানে তার বিপরীতে অভিনয় করেন বিলাল আব্বাস খান। নাটকটি দেশ-বিদেশে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।

এদিকে হানিয়ার এই রহস্যময় সামাজিকমাধ্যম রূপান্তরের পর এখন ভক্তদের একটাই প্রশ্ন?এটি কি শুধুই ব্যক্তিগত পরিবর্তন, নাকি সামনে আসছে নতুন কোনো চমক?