প্রেমের টানে ঘরছাড়া দুই শিক্ষার্থী

গফরগাঁওয়ে কিশোর-কিশোরীকে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ।

টুইট প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের সম্পর্কের জেরে বাড়ি থেকে পালিয়ে যাওয়া দুই স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে পৌর শহর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাদের থানায় নেওয়া হয়। পরে সোমবার দুপুরে সতর্ক করে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থীর বাড়ি পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের অজিপাড়া গ্রামে। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পারিবারিক অগোচরে ভালোবাসার সম্পর্কের কারণে তারা বাড়ি ছেড়ে বের হয়েছিল।

স্থানীয়রা রাতের বেলায় পৌর এলাকায় তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেন। পরে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

থানা সূত্র জানায়, কিশোরের বয়স ১৬ বছর এবং কিশোরীর বয়স ১৪ বছর। দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনগত ও মানবিক বিষয় বিবেচনায় পরিবারকে ডেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম আতিকুর রহমান বলেন, “অপ্রাপ্তবয়স্ক সন্তানদের আবেগতাড়িত সিদ্ধান্ত অনেক সময় বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, কিশোর-কিশোরীদের মানসিক পরিবর্তনের সময় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাড়তি নজরদারি প্রয়োজন।