চার ঘণ্টা বন্ধ থাকার পর অবরোধ প্রত্যাহার

চার ঘণ্টা বন্ধ থাকার পর সচল দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়ক
দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়কে চার ঘণ্টাব্যাপী অবরোধ শেষে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেছেন। রোববার সকাল ৭টা থেকে শুরু হওয়া এ অবরোধ বেলা ১১টার দিকে প্রত্যাহার করা হয়।
সড়কে চাঁদাবাজির অভিযোগ এনে দিনাজপুর ট্রাক শ্রমিক-মালিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ বাড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম-এর মধ্যস্থতায় পৌর প্রশাসন ও শ্রমিক-মালিক নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় পৌর এলাকার ভেতরে চলমান টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।
পরে দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে ট্রাক টার্মিনালের খাস আদায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়।
দিনাজপুর ট্রাক শ্রমিক-মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাদাকাতুল বাবি সাদা বলেন, আপাতত টোল আদায় বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।






