হাম পরিস্থিতি উদ্বেগজনক

একদিনে আরও ৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬৯

টুইট ডেস্ক: দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৮৯ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ দেখা গেছে আরও ৯৪৬ শিশুর মধ্যে। হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬৯ শিশু।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজারে। এদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৭৯ শিশুর শরীরে।

এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ শিশু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ছয় শিশু এবং উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে ৬১ এবং উপসর্গ নিয়ে ২৯১ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। সেখানে আক্রান্ত হয়েছে ৪৩৭ শিশু। এরপর চট্টগ্রামে ১৫১ এবং রাজশাহীতে ১৪২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া বরিশালে ৫০, খুলনায় ৬১, ময়মনসিংহে ৫০, রংপুরে ৯ এবং সিলেটে ৩৬ জন শিশু আক্রান্ত হয়েছে।

এর আগে গত ৪ মে একদিনে হাম ও এর উপসর্গে ১৭ শিশুর মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদান কার্যক্রম জোরদার, দ্রুত শনাক্তকরণ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিই বর্তমানে সংক্রমণ নিয়ন্ত্রণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।