কক্সবাজার ভ্রমণে প্রাণ গেল দুই তরুণের

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আশঙ্কাজনক আরও কয়েকজন

টুইট প্রতিবেদক: কক্সবাজার ভ্রমণে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঝিনাইদহের দুই তরুণ। শনিবার

সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের চাঁদ আলীর ছেলে নাইমুর রহমান জিহাদ (২১) এবং পোড়াহাটী গ্রামের আনোয়ার হোসেনের একমাত্র ছেলে নাঈম (২২)। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফোর সিজন হোটেলের সামনে কক্সবাজারগামী মারসা পরিবহনের দুটি বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই তরুণ নিহত হন। আহত হন আরও কয়েকজন যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্য, আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার ভ্রমণে যাওয়া ঝিনাইদহের কয়েকজন তরুণ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।প্রত্যক্ষদর্শীরা বলছেন, মহাসড়কে বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের দাবি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি না থাকায় প্রাণহানি বাড়ছে।

এদিকে, দুই তরুণের মৃত্যুর খবরে ঝিনাইদহে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে গিয়ে এভাবে প্রাণ হারানোয় এলাকায় নেমে এসেছে গভীর বিষাদের আবহ।