গণপিটুনিতে ৩ নিহত, পিকআপে আগুন

গরু চুরির সন্দেহে কালিয়াকৈরে উত্তেজনা, তদন্তে পুলিশ।

টুইট প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাকচালা এলাকায় গরু চুরির সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্তদের ব্যবহৃত একটি পিকআপে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, কোরবানির ঈদ সামনে রেখে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রামবাসী রাতভর পাহারার ব্যবস্থা করেছিল। ওই রাতে কয়েকজন ব্যক্তি গরু চুরির উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করলে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।

পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্তদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, কোনো অপরাধের অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।