দাউদকান্দিতে ১৮ কেজি গাঁজাসহ আটক ২

মহাসড়কে বিশেষ অভিযানে ইউনিক পরিবহনের বাস থেকে মাদক উদ্ধার।
টুইট প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) ভোরে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্র জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারীর নির্দেশনায় এসআই অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে রাতব্যাপী মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন। ভোর পৌনে ৪টার দিকে ঢাকামুখী একটি ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশিকালে দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদ ও লাগেজ তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ বক্সে রাখা ব্যাগ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। আটক মো. আল আমিনের ব্যাগ থেকে ১১ কেজি এবং রেশন খাতুনের ট্রলি ব্যাগ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোবরা এলাকার মো. আল আমিন (৩০) এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গারাগঞ্জ সাহাপাড়া এলাকার রেশন খাতুন (২২)।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মহাসড়ককে মাদক পরিবহনের নিরাপদ রুট হিসেবে ব্যবহার ঠেকাতে অভিযান আরও জোরদার করা হবে।






