যুক্তরাষ্ট্রের অস্ত্রে শক্তি বাড়াচ্ছে তাইওয়ান

চীনের চাপ মোকাবিলায় ২৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা তহবিল অনুমোদন।

টুইট প্রতিবেদক: চীনের ক্রমবর্ধমান সামরিক চাপ ও উত্তেজনার মুখে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে বড় পদক্ষেপ নিয়েছে তাইওয়ান। যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক অস্ত্র কিনতে ২৫ বিলিয়ন ডলারের বিশেষ তহবিল অনুমোদন করেছে দেশটির আইনসভা।

কয়েক মাস ধরে অস্ত্র ও নিরাপত্তা ব্যয় নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের পর শনিবার বিলটি পাস হয়। এতে উচ্চগতির রকেট ব্যবস্থা, স্বচালিত হাউইটজার, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা রয়েছে।

নতুন এই প্রতিরক্ষা প্যাকেজে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র কেনার জন্য অতিরিক্ত ব্যয় অনুমোদনের সুযোগও রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি তাইওয়ানের দীর্ঘমেয়াদি সামরিক প্রস্তুতির অংশ।

তবে অনুমোদিত অর্থের পরিমাণ ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির গত নভেম্বরে প্রস্তাবিত বাজেটের তুলনায় প্রায় ১৫ বিলিয়ন ডলার কম। ১১৩ সদস্যের আইনসভায় বিলটি ৫৯-০ ভোটে পাস হলেও ক্ষমতাসীন দলের ৪৮ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন।

চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে এবং প্রয়োজন হলে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে যাচ্ছে। অন্যদিকে, তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দ্বীপটিকে ধারাবাহিক সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত বছর ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে রেকর্ড ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিল। নতুন এই তহবিল অনুমোদনের মাধ্যমে তাইওয়ান-যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলছে।

সূত্র: আনাদোলু