বৃষ্টির পানি নয়, যেন দুর্ভোগের সাগর

জলাবদ্ধতায় অতিষ্ঠ মাতুইলবাসীর সড়ক অবরোধে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
টুইট প্রতিবেদক: রাজধানীর মাতুইল এলাকায় দীর্ঘদিনের ভয়াবহ জলাবদ্ধতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ। টানা ভোগান্তি আর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ।
শনিবার সকাল ১০টার দিকে শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট (মাতুইল মেডিকেল) সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের শহীদবাগ, নূরবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় বছরের অধিকাংশ সময়ই পানি জমে থাকে। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যায়, ঘরে ঢুকে পড়ে নোংরা পানি। স্কুলগামী শিশু, রোগী ও কর্মজীবী মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হলেও কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন। তাদের দাবি, দ্রুত আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এদিকে আকস্মিক অবরোধে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। অনেককে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, “প্রতিবার বৃষ্টিতে আমরা পানিবন্দি হয়ে পড়ি, কিন্তু কেউ আমাদের কষ্ট দেখতে আসে না।”
দীর্ঘদিনের অব্যবস্থাপনা আর নাগরিক দুর্ভোগের বিরুদ্ধে এই বিক্ষোভ নতুন করে নগর ব্যবস্থাপনার দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন সচেতন মহল।






