ফতুল্লায় অভিযান: দেশীয় অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ রনির গ্রেপ্তার

পরিত্যক্ত ঘরে গোপন আস্তানা থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য।

টুইট ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশিপুর এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে দেওভোগ এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি রনি (৪০), তিনি কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে রনিকে আটক করার পাশাপাশি একটি গোপন অস্ত্রভাণ্ডারের সন্ধান পাওয়া যায়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৫টি স্টিলের তৈরি তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের কুড়াল এবং একটি স্টিলের পাইপ।

প্রাথমিকভাবে এসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জানিয়েছেন, জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে রনির সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা করছে।