হবিগঞ্জে বোরো বিপর্যয়, ক্ষতি ৩৪০ কোটি টাকা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ডুবেছে ১১ হাজার হেক্টর জমি, চরম সংকটে কৃষক।
টুইট ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার হাওরাঞ্চলে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ ফসলহানির ঘটনা ঘটেছে। টানা বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে প্রায় ৩৪০ কোটি টাকার কৃষি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান,যা এ অঞ্চলের প্রধান অর্থকরী ফসল এবং কৃষকদের বার্ষিক জীবিকার মূল ভরসা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, অন্তত ১১ হাজার হেক্টরের বেশি জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এর একটি বড় অংশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেলেও কিছু জমিতে আংশিক ক্ষতি হয়েছে। এতে হাজার হাজার কৃষক তাদের বছরের একমাত্র ফসল হারিয়ে গভীর আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন।
চলতি মৌসুমে জেলায় মোট ১ লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। এর মধ্যে প্রায় ৬২ শতাংশ ধান কাটা সম্ভব হলেও অবশিষ্ট অংশ আকস্মিক বন্যার পানিতে ডুবে যায়। ফলে প্রতিদিনই ক্ষতির পরিমাণ বাড়ছে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার হাওরাঞ্চল। বিশেষ করে বানিয়াচং উপজেলার খোয়াই নদীর বাঁধ এবং বাহুবলের করাঙ্গী নদীর বাঁধ ভেঙে নতুন করে পানি ঢুকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
কৃষি বিভাগ ইতোমধ্যে প্রায় ২১ হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্তের সংখ্যা আরও বেশি। দ্রুত পানি না নামলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি সহায়তা, পুনর্বাসন এবং আগাম প্রতিরোধমূলক ব্যবস্থার দাবি জোরালো হয়ে উঠছে।






