চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ

টাকা ফেরতের দাবিতে পাঁচ ব্যাংকের গ্রাহকদের সতর্ক বার্তা ‘আজ ৫ হাজার, কাল ৫০ হাজার’

টুইট ডেস্ক: চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে রাস্তায় নেমেছেন পাঁচটি ব্যাংকের গ্রাহকরা। বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে নগরীর নিউমার্কেট মোড়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন’–চট্টগ্রাম বিভাগের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে তারা আলকরণ মোড়ে অবস্থান নেন।

বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমানতের অর্থ ফেরত না পাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এক্সিম ব্যাংকের আমানতকারী সুমন অধিকারী বলেন, “আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। অথচ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আমাদের দুষ্কৃতকারী বলা হচ্ছে,এ বক্তব্য প্রত্যাহার করতে হবে।

আমানত ফেরত চাওয়া কি অপরাধ?”
অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ব্যাংকগুলো সাধারণ মানুষের আমানতের টাকায় পরিচালিত হলেও এখন সেই আমানতকারীদেরই অবমূল্যায়ন করা হচ্ছে।

“আজ আমরা ৫ হাজার, কাল ৫০ হাজার হবে এ আন্দোলন আরও বিস্তৃত হবে,” হুঁশিয়ারি দেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কেন্দ্রীয় ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় নিরাপত্তা বিবেচনায় বিক্ষোভকারীদের নির্দিষ্ট স্থানে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্যাংক খাতে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে এ বিক্ষোভ নতুন করে আমানতকারীদের আস্থার সংকটকে সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে, দ্রুত কার্যকর সমাধান না এলে এই অসন্তোষ বৃহত্তর আর্থিক ব্যবস্থার ওপর চাপ তৈরি করতে পারে।