শাপলার চেতনায় আগামীর রাজনীতি

টুইট ডেস্ক : ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক ধারা শাপলা চত্বরের ঘটনার চেতনাকে ধারণ করেই বিকশিত হবে বলে মন্তব্য করেছেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, ২০১৩ সালের ঘটনায় যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে।
মঙ্গলবার রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর নলিনীকান্ত অডিটোরিয়ামে ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ইতিহাসের বিতর্কিত অধ্যায়গুলো নিয়ে সত্য অনুসন্ধান এবং তা প্রজন্মান্তরে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। তার মতে, গবেষণা ও প্রমাণনির্ভর আলোচনার মাধ্যমে জাতির সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরা সম্ভব।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি প্রদর্শনী পরিদর্শন শেষে বলেন, শাপলা কেন্দ্রিক গবেষণা ও আলোচনা সত্য উদঘাটনের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে এ
ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।প্রদর্শনীতে আলোকচিত্র, তথ্যচিত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার মাধ্যমে ঘটনার বিভিন্ন দিক তুলে ধরা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
আয়োজকদের মতে, এ উদ্যোগের লক্ষ্য হলো ইতিহাসচর্চাকে গবেষণাভিত্তিক ও প্রমাণনির্ভর করা এবং নতুন প্রজন্মকে সচেতন ও বিশ্লেষণধর্মী করে তোলা।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন সম্প্রসারিত হবে।






