ভুয়া আমদানি অনুমতিপত্রে সতর্কতা

ভারত থেকে গবাদিপশু আনার নামে জাল কাগজ ছড়িয়ে বিভ্রান্তি,কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রণালয়ের।
টুইট প্রতিবেদক: ঢাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভারত থেকে গবাদিপশু আমদানির একটি তথাকথিত অনুমতিপত্রকে সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক বলে ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি একটি জাল নথি, যার সঙ্গে কোনো সরকারি প্রক্রিয়ার সম্পর্ক নেই।
শনিবার প্রকাশিত মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রাণিসম্পদ অধিদপ্তর’-এর নামে প্রচারিত অনুমতিপত্রটি প্রাথমিক যাচাইয়ে ভুয়া হিসেবে চিহ্নিত হয়েছে।
এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরের কোনো সত্যতা পাওয়া যায়নি। ফলে এটি কোনো বৈধ আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।
মন্ত্রণালয় আরও স্পষ্ট করে জানায়, এ ধরনের জাল নথি ব্যবহার করে কেউ ব্যবসায়িক বা প্রশাসনিক সিদ্ধান্ত নিলে তা আইনগত ঝুঁকির মধ্যে পড়বে।
সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের যাচাই ছাড়া এমন কোনো কাগজের ওপর নির্ভর না করার আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, কোরবানির ঈদ বা উৎসবকেন্দ্রিক সময়কে সামনে রেখে গবাদিপশু আমদানিকে ঘিরে একটি চক্র বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এর মাধ্যমে বাজারে অস্থিরতা সৃষ্টি এবং অবৈধ লেনদেনের সুযোগ তৈরির আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া তথ্য প্রচার ও জাল নথি তৈরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি এ ধরনের বিভ্রান্তিকর তথ্য শেয়ার বা প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
সঠিক তথ্যের জন্য শুধুমাত্র প্রাণিসম্পদ অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি উৎস অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছে মন্ত্রণালয়।






