বিরোধীদের কড়া বার্তা ইশরাকের

হুমকির জবাবে ‘রাজপথে জবাব’সংসদে উত্তপ্ত বক্তব্য

টুইট প্রতিবেদক: জাতীয় সংসদে বিরোধী দলকে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেছেন, সরকার পতনের হুমকি দিলে পাল্টা রাজনৈতিক শক্তি প্রদর্শনের মাধ্যমে বিরোধীদের অবস্থান থেকেই ‘পতন ঘটানো হবে’।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

ইশরাক হোসেন দাবি করেন, বর্তমান সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছে, যা পূর্ববর্তী নির্বাচনগুলোর তুলনায় ভিন্ন বাস্তবতা তৈরি করেছে।

তিনি বলেন, হুমকি-ধমকি দিয়ে সরকারকে হটানোর কোনো চেষ্টা হলে তা রাজপথেই মোকাবিলা করা হবে।

সংসদ নেতার উদ্দেশে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে নির্দেশনা পেলে যেভাবে আন্দোলনের মাধ্যমে ‘ভোটাধিকার প্রতিষ্ঠা’ করা হয়েছিল, তেমনি প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত রয়েছে সরকারপন্থীরা।

তবে বক্তব্যের এক পর্যায়ে তিনি বিরোধী দলের সংসদীয় ভূমিকার প্রশংসাও করেন। বলেন, সংসদে তাদের বক্তব্য গঠনমূলক হলেও বাইরে দেওয়া কিছু বক্তব্য পরিস্থিতি উত্তপ্ত করছে। এর প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানেও পড়ছে বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক উত্তেজনার কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা বাড়ছে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক।

রাজনৈতিক অঙ্গনে এমন কড়া বক্তব্য নতুন করে উত্তাপ ছড়াতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিশেষ করে সংসদের ভেতর ও বাইরে রাজনৈতিক ভাষার ব্যবহারে সংযমের প্রশ্নটি আবারও সামনে এসেছে।