রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি

ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব, কেন্দ্রের অনুমোদন।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনিকে পূর্ণাঙ্গ আহ্বায়ক করা হয়েছে। রোববার যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুর মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন দেন।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও তৃণমূল রাজনীতিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই জনিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর আগে তিনি ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২১ সালের ২৯ অক্টোবর রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান তিনি।

এর আগে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন শরিফুল ইসলাম জনি।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদল কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে তিনি সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে।