হাম টিকা সংকটে প্রধানমন্ত্রীর ক্ষোভ

স্বৈরাচার ও অন্তর্বর্তী আমলে আমদানি বন্ধ, দ্রুত পদক্ষেপে ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা।

টুইট ডেস্ক জাতীয় সংসদে হামের টিকা আমদানি বন্ধ থাকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, স্বৈরাচারী সরকার ও পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েক বছর ধরে শিশুদের জন্য প্রয়োজনীয় হামের টিকা বিদেশ থেকে আনা হয়নি, যার ফলে দেশে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বহু শিশুর প্রাণহানি ঘটেছে।

বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই এ বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার ইতোমধ্যে জরুরি পদক্ষেপ নিয়েছে।

আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় দ্রুত টিকা সংগ্রহ করা হয়েছে এবং প্রায় ২ কোটি শিশুকে হামের টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংসদ সদস্য সালাহ উদ্দিন তার প্রশ্নে দেশের বিভিন্ন হাসপাতালে হামের পরীক্ষার ব্যবস্থা বন্ধ থাকার বিষয়টি তুলে ধরেন।

বিশেষ করে চট্টগ্রামের সংক্রামক রোগ চিকিৎসাকেন্দ্রসহ অনেক প্রতিষ্ঠানে পরীক্ষা না হওয়ায় রোগীদের নমুনা ঢাকায় পাঠাতে হচ্ছে, যা চিকিৎসা প্রক্রিয়ায় বিলম্ব ঘটাচ্ছে।

এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী স্বীকার করেন, দেশে হামের পরীক্ষার কিটের সংকট রয়েছে। তিনি জানান, ইতোমধ্যে কিছু কিট দেশে পৌঁছেছে এবং আরও কিছু কাস্টমসে আটকে আছে, যা দ্রুত ছাড় করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “হামের প্রাদুর্ভাব অত্যন্ত দুঃখজনক। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের সংকট না হয়, সে লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সরকারের এই পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন হলে দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।